ঢাকামঙ্গলবার , ২৯ জুলাই ২০২৫

ডাকসুর তফসিলকে ইসলামী ছাত্র আন্দোলনের স্বাগতম

বার্তা বিভাগ
জুলাই ২৯, ২০২৫ ৯:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তফসিল ঘোষণাকে দেশের শিক্ষার্থীদের পক্ষ থেকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। দীর্ঘ প্রতীক্ষার পর ছাত্র রাজনীতির অঙ্গনে এই ইতিবাচক অগ্রগতি শিক্ষার্থীদের আশা-আকাঙ্ক্ষা ও দীর্ঘ প্রত্যাশার প্রতিফলন।

আজ ২৯ জুলাই ২০২৫ সোমবার সন্ধ্যায় ডাকসু নির্বাচন তফসিল ঘোষণা পরবর্তী প্রতিক্রিয়ায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুর ও সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান এক যৌথ বিবৃতিতে বলেন, ডাকসু নির্বাচন শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, নেতৃত্ব বিকাশ এবং জাতীয় রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। দীর্ঘ ৬ বছর পর তফসিল ঘোষণার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যে সাহসিকতা ও সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছে, আমরা তাকে সাধুবাদ জানাই।

নেতৃদ্বয় আরও বলেন, পূর্ববর্তী অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি, অংশগ্রহণকারী সংগঠনগুলোর জন্য সমান সুযোগ নিশ্চিত না হওয়ায় নির্বাচন প্রক্রিয়ার গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়েছে। তাই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হলে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা অপরিহার্য।

নেতৃদ্বয় আরও বলেন, ছাত্ররাজনীতি জাতীয় নেতৃত্ব গঠনের সূতিকাগার। তাই ডাকসু নির্বাচন কমিশন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সংশ্লিষ্ট সকলকে রাজনৈতিক পক্ষপাত থেকে দূরে থেকে একটি সহিংসতামুক্ত ও শান্তিপূর্ণ নির্বাচন পরিবেশ নিশ্চিত করতে হবে। একইসঙ্গে সকল ছাত্রসংগঠনের প্রতি আহ্বান জানাই, তারা যেন দায়িত্বশীল আচরণ করে এবং একটি ইতিবাচক সহাবস্থান ও অংশগ্রহণমূলক ছাত্র রাজনীতি চর্চার সংস্কৃতি গড়ে তুলতে ভূমিকা পালন করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।