ঢাকামঙ্গলবার , ২৭ মে ২০২৫

সাম্য হত্যার বিচারের দাবিতে ঢাবি ছাত্রদলের অবস্থান কর্মসূচি

বার্তা বিভাগ
মে ২৭, ২০২৫ ১:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার, উপাচার্য-প্রক্টরের পদত্যাগ ও নিরাপদ ক্যাম্পাসের দাবি জানিয়েছেন ঢাবি শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা। এই দাবিতে তাঁরা ঢাবি উপাচার্যের কার্যালয়ের সামনে ‘অবস্থান কর্মসূচি’ পালন করেছেন।

আজ সোমবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বর থেকে ঢাবি শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল শুরু করেন। বিক্ষোভ মিছিল নিয়ে তাঁরা উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নেন।

শাহরিয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন। আজকের কর্মসূচিতে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন।

কর্মসূচিতে গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ১৩ দিন হয়ে গেল, শাহরিয়ার হত্যার ঘটনার কোনো সুরাহা হলো না। গণ-অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ছিলেন শাহরিয়ার। অভ্যুত্থান-পরবর্তী সময়ে গঠিত ঢাবির এই প্রশাসন ব্যর্থতার পরিচয় দিয়েছে। এ প্রশাসনের নয় মাসে ক্যাম্পাসে তোফাজ্জল হত্যা, ফ্যাসিস্টের মোটিফ পোড়ানো, গাছে লাশ ঝোলাসহ অনেক ঘটনা দেখেছেন তাঁরা। কিন্তু অপরাধীদের ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারেনি প্রশাসন। তাঁরা এই প্রশাসনের পদত্যাগের পাশাপাশি যাঁরা শাহরিয়ার হত্যাকাণ্ড নিয়ে ভিন্ন ন্যারেটিভ দাঁড় করাচ্ছেন, তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি চান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।