ঢাকামঙ্গলবার , ২৫ অক্টোবর ২০২২

‘চলো বন্ধু বদলে যাই, মানবতার বিশ্ব চাই’

স্টাফ করেসপন্ডেন্ট
অক্টোবর ২৫, ২০২২ ১০:৫৮ অপরাহ্ণ
Link Copied!

‘তরুণ তারুণ্যের মতোই, যে তারুণ্য তিমির বিদারী, সে যে আলোর দেবতা’ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এই অভিভাষণের মতোই বাংলাদেশ স্বপ্ন দেখছে তারুণ্যের শক্তিতে জ্বলে ওঠার। তবে নজরুলের বাংলা আর বর্তমান বাংলাদেশের মধ্যে পার্থক্য যোজন যোজন। বদলাচ্ছে সমাজ, বদলাচ্ছে রাষ্ট্র, বদলাচ্ছে দেশ। গড়ে উঠছে আকাশচুম্বী দালান, শপিং মল, আলোয় উজ্জ্বল খাবারের দোকান। নক্ষত্র ছুঁয়ে ছুটে যাচ্ছে উড়ালসেতু। কারখানার দিকে ছুটে যাচ্ছে শ্রমিকের দল। ধানখেত ভেঙে কোমর সোজা করে দাঁড়িয়ে যাচ্ছে ফ্ল্যাট বাড়ির বহর। মানে, পরিবর্তন এসেছে। এতো এতো পরিবর্তন, বদলের ভিড়ে বদলানোর জন্য কাজ করে যাচ্ছে নবোদ্যম ফাউন্ডেশন। ‘চলো বন্ধু বদলে যাই, মানবতার বিশ্ব চাই’—এ স্লোগানকে মননে ধারণ করে একদল স্বপ্নবাজ তরুণ-তরুণীর সঙ্গে নিয়ে ২০১৯ সালের ১লা ডিসেম্বর যাত্রা শুরু করে নবোদ্যম ফাউন্ডেশন।

মানুষের অন্যতম একটি মৌলিক অধিকার হলো শিক্ষা। বাংলাদেশে প্রায় সাড়ে এগারো লক্ষাধিক পথশিশু রয়েছে, যারা এই শিক্ষার আলো থেকে বঞ্চিত। সুবিধাবঞ্চিত এই শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করা নবোদ্যম ফাউন্ডেশনের অন্যতম প্রধান উদ্দেশ্য। দেশের বিভিন্ন প্রান্তে রয়েছে ফাউন্ডেশনটির সেভ দ্য টুমরো স্কুল। ঢাকা হাইকোর্টের সামনে যেমন স্কুল রয়েছে, একইভাবে স্কুল আছে ভৈরব উপজেলার বেদেপল্লীতে। সুনামগঞ্জের বন্যায় ক্ষতিগ্রস্ত সেই মধ্যনগর একাধিক স্কুলের পাশাপাশি সাতক্ষীরার তালা উপজেলায় স্কুলের কার্যক্রম চলমান। স্কুল রয়েছে মিরপুরেও। সক্রিয়ভাবে দেশের বিভিন্ন ক্যাম্পাসে ও জেলায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-৪ অর্থাৎ মানসম্মত শিক্ষা অর্জনে কাজ করে যাচ্ছে সেভ দ্য টুমরো স্কুল।

সমাজের ছিন্নমূল মানুষগুলো যেনো মৌলিক অধিকার থেকে বঞ্চিত না হয়, এজন্য নিয়মিতভাবে খাদ্য, নিরাপদ পানি, ঈদের সময়ে ঈদ উপহার, শীতে শীতবস্ত্র বিতরণ সংগঠনটির নিয়মিত কার্যক্রমের অন্তর্ভুক্ত। পরিবেশ বিপর্যয়ের হাত থেকে রক্ষার জন্য দেশের বিভিন্ন স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থান বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে সংগঠনটি। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মুমূর্ষু রোগীদের রক্তের চাহিদা মেটাতে কাজ করছে নবোদ্যম ব্লাড ফাইটার্স। রয়েছে নিজস্ব অ্যাপ।

বন্যা, ঘূর্ণিঝড় ও করেনাভাইরাসজনিত মানবিক বিপর্যয়কালীন সময়েও দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি। দেশের আটটি বিভাগে দশ সহস্রাধিক মাস্ক বিতরণ করা হয়েছে। করোনা প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত ৬০০ পরিবারকে সহযোগিতা করা হয়েছে। আম্ফানে ক্ষতিগ্রস্ত তিন শতাধিক পরিবারকে সহযোগিতার পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত ৭০০ পরিবারকে সহযোগিতা করেছে। দুর্গত এলাকায় প্রতিষ্ঠা করেছে স্কুল, নির্মাণ করে দিয়েছে আবাসস্থল, উপহার হিসেবে দিয়েছে নৌকা।

নবোদ্যম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শরীফ ওবায়দুল্লাহ বলেম, আমরা বিশ্বাস করি সর্বত্রই কিছু ব্যতিক্রম মানুষ রয়েছেন যারা কথায় নয় কাজে বিশ্বাসী। তাদের এই জীবনবোধের কারণেই সভ্যতা কালো থেকে আলোর দিকে, মন্দ থেকে ভালোর দিকে এগিয়ে চলে। তাদের কথা মনে রেখেই আমরা নিজ এবং আগামী প্রজন্মের জন্য অন্যরকম স্বপ্ন দেখতে সাহস পাই। ২০৩০ সালের মধ্যে ৩০ হাজার সুবিধাবঞ্চিত মানুষের জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, স্থায়ী কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করে যাচ্ছি আমরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।