ঢাকাশুক্রবার , ৩০ মে ২০২৫

বাংলাদেশকে ১৩ হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে জাপান

বার্তা বিভাগ
মে ৩০, ২০২৫ ২:৫৩ অপরাহ্ণ
Link Copied!

বাজেট সহায়তা, রেলপথ উন্নয়ন ও শিক্ষা খাতে বাংলাদেশকে ১.০৬৩ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে জাপান। বর্তমান বাজারদর অনুযায়ী প্রতি ডলার ১২২.২২ টাকা ধরে এর পরিমাণ দাঁড়ায় ১২ হাজার ৯৯৫ কোটি ৫৮ লাখ ৭০০ টাকা।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শুক্রবার সকালে তাঁর ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান। এই ঋণ নিয়ে বাংলাদেশ ও জাপানের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে জানিয়ে স্ট্যাটাসে তিনি জানিয়েছেন, বাংলাদেশকে বাজেট-সহায়তা, রেলপথ উন্নয়ন ও বৃত্তির জন্য মোট ১.০৬৩ বিলিয়ন ডলার (১০৬ কোটি ৩০ লাখ মার্কিন ডলার) দেবে জাপান।

তিনি জানিয়েছেন, চুক্তি অনুযায়ী, জাপান অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু সহনশীলতা বাড়াতে উন্নয়ন ঋণ হিসেবে ৪১৮ মিলিয়ন ডলার (৪১ কোটি ৮ লাখ ডলার) দেবে।

এ ছাড়া ৬৪১ মিলিয়ন ডলার (৬৪ কোটি ১০ লাখ ডলার) দেবে যা জয়দেবপুর-ঈশ্বরদী রেলপথকে ডুয়েল-গেজ ডাবল লাইনে উন্নীত করতে খরচ করা হবে।

অন্যদিকে বৃত্তি সহায়তা হিসেবে ৪২ লাখ ডলার অনুদান দেবে জাপান সরকার।

এর আগে শুক্রবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সকালে অধ্যাপক ইউনূস প্রধানমন্ত্রীর দপ্তরে পৌঁছালে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়।

বৈঠকে উভয় নেতা আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়গুলো নিয়েও আলোচনা করেন এবং জাতিসংঘের সনদের নীতিমালা সমুন্নত রেখে এই অঞ্চল এবং তার বাইরে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সহযোগিতা বৃদ্ধির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। তারা আইনের শাসন এবং গণতন্ত্রের ওপর ভিত্তি করে বহুপাক্ষিকতার প্রতি তাদের সমর্থনের আশ্বাসও দিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।