ঢাকাবৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর ২০২৫

সাজ্জাদ-শাফায়াতের নেতৃত্বে ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা

বার্তা বিভাগ
সেপ্টেম্বর ১৮, ২০২৫ ৪:৪৩ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু‌) নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। বৃহস্পতিবার দুপুর দেড়টায় বুদ্ধিজীবী চত্বরে সংগঠনের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এ প্যানেল ঘোষণা করা হয়। সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও দর্শন বিভাগের (২০১৫-১৬) শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন হৃদয়। সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. শাফায়াত হোসেন।

প্যানেলে অন্যান্য পদে যারা লড়বেন
ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেলে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে আইন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আইয়ুবুর রহমান তৌফিক, খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক আজহারুল ইসলাম বিপ্লব, সহ-সম্পাদক জয় বড়ুয়া; সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক মো. মোজাম্মেল হক হৃদয়, সহ-সম্পাদক শহীদুল কায়সার; দপ্তর সম্পাদক তৌহিদুল ইসলাম ভূইয়া, সহ-সম্পাদক শাহরিয়ার উল্লাহ ফাহাদ; ছাত্রী কল্যাণ সম্পাদক নুজহাত জাহান, সহ-সম্পাদক শাফকাত শফিক; বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সম্পাদক মো. ওজায়ের হোসেন, গবেষণা ও উন্নয়ন সম্পাদক ফাইরুজ সাদাফ দ্বীপ, সমাজসেবা ও পরিবেশ সম্পাদক ইমাম হাসান, স্বাস্থ্য সম্পাদক মোহাম্মদ আবরার গালিব, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক শাহরিয়ার লিমন, ক্যারিয়ার ডেভলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পাদক শ্রুতিরাজ চৌধুরী, যোগাযোগ ও আবাসন সম্পাদক মো. সায়েম উদ্দিন আহমেদ, সহ-সম্পাদক ইয়াসিন আরাফাত; আইন ও মানবাধিকার সম্পাদক আব্দুল্লাহ আল সাকিব, পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে মো. জাবেদ প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এছাড়া সদস্য পদে রয়েছেন ফয়সাল প্রান্ত বাবর, মিজান মিয়া, নুসরাত জাহান, এস এম তরিকুল ইসলাম রিমন ও তায়েফ হোসেন ইমন।

প্রার্থীদের বক্তব্য
সহ-সভাপতি (ভিপি) প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, “৩৬ বছর পর চাকসু নির্বাচন হচ্ছে। শিক্ষার্থীদের সমস্যাগুলো অগ্রাধিকার দিয়ে সমাধানের জন্য আমরা কাজ করব। শতভাগ আবাসন, শাটল ট্রেন সংস্কার ও বগি সংকট নিরসনে পদক্ষেপ নেওয়া হবে। আমরা শিক্ষার্থীদের অধিকার রক্ষায় আপসহীন থাকব।”

সহ-সাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক বলেন, “বিশ্ববিদ্যালয়ের ২৮ হাজার শিক্ষার্থীর ভোটে নির্বাচিত হওয়ার সুযোগ পেয়ে আমরা আনন্দিত। শিক্ষার্থীদের স্বাস্থ্য, নিরাপত্তা ও ন্যায়বিচারসহ প্রতিটি বিষয়ে কাজ করা হবে। আমাদের ইশতেহার হবে শিক্ষার্থীদের চাহিদা ও প্রত্যাশার প্রতিফলন।”

ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা যা বললেন
প্যানেল ঘোষণার সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির বিল্লাহ ও রাজু আহমেদ, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াসিন প্রমুখ।

তারা বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন পর চাকসু নির্বাচনের মাধ্যমে তাদের নেতৃত্ব বেছে নেওয়ার সুযোগ পাচ্ছেন। শিক্ষার্থীদের আবাসন সংকট, পর্যাপ্ত শাটল ট্রেন ও নিরাপত্তাহীনতার মতো সমস্যাগুলো সমাধানে চাকসু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতের জাতীয় নেতৃত্ব তৈরির ক্ষেত্রেও এ নির্বাচন হবে বড় প্ল্যাটফর্ম।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে শঙ্কা প্রকাশ
ছাত্রদল জানিয়েছে, তারা সবসময় গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচনের পক্ষে। তবে চাকসু নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে তারা শঙ্কা প্রকাশ করেছে। সংগঠনটির অভিযোগ, প্রশাসন দলীয়করণের মাধ্যমে একটি নির্দিষ্ট ছাত্রসংগঠনের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে। ছাত্রদল প্রতিশ্রুতি দিয়েছে, একদলীয় প্রভাবমুক্ত, স্বাধীন ও গণতান্ত্রিক ক্যাম্পাস গড়ে তুলতে তারা কাজ করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।