ঢাকামঙ্গলবার , ২৬ আগস্ট ২০২৫

ফজলুর রহমানের দলীয় পদ ৩ মাসের জন্য স্থগিত

বার্তা বিভাগ
আগস্ট ২৬, ২০২৫ ৯:৫০ অপরাহ্ণ
Link Copied!

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের দলীয় পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। দলীয় একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

মঙ্গলবার ফজলুর রহমানকে দেওয়া পদ স্থগিতের চিঠিতে বলা হয়েছে, কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক নয়। তবে বীর মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযুদ্ধে অবদান বিবেচনা করে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়নি। দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ তিন মাসের জন্য স্থগিত করা হলো।

গত রোববার ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেয় বিএনপি। এরপর জবাব দেওয়ার জন্য সময় চান বিএনপির এই নেতা। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে জবাব দেওয়ার জন্য আরও ২৪ ঘণ্টা সময় বাড়ানো হয়। মঙ্গলবার নোটিশের জবাব দিয়েছেন তিনি।

পদ স্থগিতের চিঠিতে ফজলুর রহমানকে টেলিভিশন অনুষ্ঠান কিংবা সামাজিক যোগাযোগের মাধ্যমে কথা বলার সময় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে দেশের মর্যাদা, দলের নীতিমালা ক্ষুন্ন হয় এবং জনসাধারণের ধর্মীয় অনুভুতিতে আঘাত হানে এমন বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।

এদিকে কারণ দর্শানোর নোটিশের জবাবে ফজলুর রহমান লিখেছেন, ‘আমার দল বিএনপির ক্ষতি হয় এমন কোনো কথা বা কাজ আমি করিনি এবং করবও না। জাতীয়তাবাদী দলের নেতৃত্বের বিচার বিবেচনার প্রতি আমার সর্বোচ্চ আস্থা আছে। আমি আশা করি, সুবিচার পাব এবং দলের বৃহত্তর স্বার্থে যেকোনো সিদ্ধান্তের প্রতি সর্বদা অনুগত থাকব।’

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে ‘বিতর্কিত’ বক্তব্য দেওয়ার পরিপ্রেক্ষিতে গত রোববার ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বিএনপি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।