ঢাকারবিবার , ১৭ আগস্ট ২০২৫

জার্মানির স্কুলগুলোতে ইসলামী শিক্ষা অন্তর্ভুক্তির দাবি

বার্তা বিভাগ
আগস্ট ১৭, ২০২৫ ৩:১৯ অপরাহ্ণ
Link Copied!

জার্মানির শিক্ষা ও প্রশিক্ষণ সমিতি (VBE) দেশের স্কুলগুলোতে ইসলামী ও ধর্মীয় শিক্ষা অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছে। তারা মনে করে, ধর্মীয় বিষয় সম্পর্কে সঠিক জ্ঞান প্রচার করা একটি সচেতন ও সহিষ্ণু সমাজ গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। VBE-এর সভাপতি গেরহার্ড ব্র্যান্ড জার্মান নিউজপেপার নেটওয়ার্ক (RND)-কে বলেছেন, ‘সব ধর্মবিশ্বাসী শিক্ষার্থীর উচিত স্কুলে তাদের ধর্ম সম্পর্কে কথা বলতে পারা এবং নিজেদের পাশাপাশি অন্য ধর্মের সঠিক জ্ঞান অর্জনের সুযোগ পাওয়া। ব্র্যান্ড রাজনৈতিক নেতৃবৃন্দকে আহ্বান জানিয়েছেন যে ইসলামী শিক্ষার ব্যাপক সম্প্রসারণের প্রস্তুতি নেওয়ার জন্য যথাযথ তহবিল এবং দক্ষ কর্মী সরবরাহ নিশ্চিত করে এই উদ্যোগের বাস্তবায়ন দ্রুততর করতে হবে।

তিনি জানান, জার্মানির কিছু রাজ্য — যেমন নর্থ রাইন—ওয়েস্টফালিয়া, বাভারিয়া, হেসে, লোয়ার স্যাক্সনি ও সারল্যান্ড—ইতোমধ্যেই ইসলামী ধর্মীয় শিক্ষার জন্য বিশেষ ক্লাস চালু করেছে। তবে তিনি এসব সফল অভিজ্ঞতা মূল্যায়ন করে তা আরো উন্নত করা এবং অন্য রাজ্যগুলোকেও এই শিক্ষাগত সুযোগ দেওয়ার লক্ষ্যে সম্প্রসারণের গুরুত্ব বিশেষভাবে তুলে ধরেছেন। জার্মান শিক্ষক ইউনিয়নের সভাপতি স্টেফান ডল মনে করেন, পাবলিক স্কুলে ধর্মীয় শিক্ষা চরমপন্থার বিরুদ্ধে একটি কার্যকর ‘প্রতিরোধ’ হিসেবে কাজ করে।

তিনি বলেন, রাষ্ট্র-প্রশিক্ষিত ও প্রত্যয়িত শিক্ষকরা ধর্ম সম্পর্কে সঠিক ও সুষম ধারণা প্রদান করতে সক্ষম, যা তরুণদের পরিবার বা ইন্টারনেটে ছড়িয়ে পড়া চরমপন্থা থেকে রক্ষা করতে সাহায্য করে। উল্লেখ্য যে জার্মানিতে আনুমানিক ৫.৫ মিলিয়ন মুসলিম বসবাস করেন। এ কারণে, পাবলিক স্কুলে ইসলামিক শিক্ষা চালু করা সমাজে ইতিবাচক সংহতি গড়ে তোলার পাশাপাশি সব ধর্মীয় গোষ্ঠীর অধিকার সুরক্ষায় অত্যন্ত জরুরি পদক্ষেপ বলে বিবেচিত হচ্ছে।

(আন্তর্জাতিক মুসলিম ইউনিয়নের ওয়েবসাইট অবলম্বনে)

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।