বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিএনপি বারবার প্রমাণ করেছে ধ্বংসস্তূপ থেকে কীভাবে দাঁড়াতে হয়।
রোববার (১৩ জুলাই) রাজধানীর একটি হোটেলে ‘তারেক রহমান: দ্য হোপ অব বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল।
বিএনপি মহাসচিব বলেন, “প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতের পর অনেকে ভেবেছিল বিএনপি শেষ হয়ে গেছে। কিন্তু সেই বিএনপি আবারও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ছাত্র-যুবকদের সঙ্গে নিয়ে ঘুরে দাঁড়িয়েছে। বিএনপি প্রমাণ করেছে, ধ্বংসস্তূপ থেকে আবারও জেগে ওঠা সম্ভব।”
বর্তমানে বিএনপির বিরুদ্ধে চলমান সাইবার হামলা ও অপপ্রচারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করে দেওয়ার জন্য পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে সাইবার হামলা চালানো হচ্ছে। এবার সেই হামলা থেকে বাদ পড়েননি তারেক রহমানও। এটি অত্যন্ত উদ্বেগজনক।”
মির্জা ফখরুল আরও বলেন, “আজকের এই অপপ্রচারের পেছনে একটি সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে। এই চক্রান্তের লক্ষ্য হচ্ছে বাংলাদেশ থেকে জাতীয়তাবাদী শক্তিকে নিশ্চিহ্ন করা এবং তারেক রহমানের নেতৃত্বকে ধ্বংস করে দেওয়া।”
তিনি জাতীয়তাবাদী শক্তির পক্ষে বড় পরিসরে সাইবার যুদ্ধে লড়াই করার আহ্বান জানান।
