ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ৯৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ছাড়িয়ে গেছে ৩১ হাজার হাজার ৮০০ জন।
এছাড়া গত অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও প্রায় ৭৪ হাজার ফিলিস্তিনি। মঙ্গলবার (১৯ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ডেইলি সাবাহ।
প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলের ৫ মাসেরও বেশি সময় ধরে চলা নৃশংস আগ্রাসনে এখন অন্তত ৩১ হাজার ৮১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে মঙ্গলবার নিশ্চিত করেছে অবরুদ্ধ এই ভূখণ্ডটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
গাজার এই মন্ত্রণালয় এমন এক সময়ে এই বিবৃতি দিয়ে প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে যখন গাজায় ১৬৫ তম দিনের মতো মারাত্মক আক্রমণ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। চলমান হামলায় আরও ৭৩ হাজার ৯৩৪ ফিলিস্তিনি আহত হয়েছেন বলেও বিবৃতিতে বলা হয়েছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকাজুড়ে নয়টি গণহত্যা চালিয়েছে এবং এতে ৯৩ জন নিহত এবং আরও ১৪২ জন আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ‘অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছেন এবং উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।’
