বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান বলেন, করোনার প্রাদুর্ভাবে যেখানে সারাবিশ্ব বিপর্যস্ত সেখানে আমাদের প্রধানমন্ত্রীর দূরদর্শিতার কারণে বাংলাদেশ অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সক্ষম হয়েছে।
আজ শুক্রবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিটিউটে এডুকেশন, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম অব বাংলাদেশ (ইআরডিএফবি) আয়োজিত ‘অদম্য বাংলাদেশ-অর্জন, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
আতিউর বলেন, বিগত ১২ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ আর্থসামাজিকভাবে অভাবনীয় সাফল্য লাভ করেছে। এ জন্য জাতিসংঘ ফেব্রুয়ারি-২০২১ এ বাংলাদেশকে বিশ্বের দরবারে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত করার সুপারিশ করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান বলেন, বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখানো পথ ধরে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করেছেন।
সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য ড. মো. সাজ্জাদ হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের কল্যাণে বাংলাদেশ আজ আধুনিক প্রযুক্তিতে উন্নত ও সমৃদ্ধ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড.বদরুজ্জামান ভুঁইয়া কাঞ্চন। তিনি বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে দূর্বার গতিতে। সামনে এ অর্জন ধরে রাখতে হবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য ড. আব্দুল জব্বার খান, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিটিউটের মহাপরিচালক ড. হাকিম আরিফ, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সেলিনা আখতার ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য আব্দুল মান্নান চৌধুরী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মশিউর রহমান এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শিরীন আখতার প্রমুখ।
