ঢাকামঙ্গলবার , ১৮ অক্টোবর ২০২২

ঢাবির ৫৩তম সমাবর্তনে আবেদনের শেষ সময় ২৬ অক্টোবর

ডেস্ক রিপোর্ট
অক্টোবর ১৮, ২০২২ ৭:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৩তম সমাবর্তন উপলক্ষে অনলাইনে আবেদনের শেষ সময় আগামী ২৬ অক্টোবর রাত ১১ টা ৫৯ মিনিটে। গত ৭ সেপ্টেম্বর ভার্চুয়ালি অনুষ্ঠিত সিন্ডিকেটের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫৩তম সমাবর্তনে অংশগ্রহণের জন্য ৭ অক্টোবর থেকে আগামী ২৬ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে https://convocation.du.ac.bd এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

অনলাইনে ফরম পূরণ করে নির্ধারিত ফি আগামী ২৭ অক্টোবর পর্যন্ত বিকাশ অথবা সোনালী ব্যাংকের সোনালী সেবার মাধ্যমে (ব্যাংকিং সময়ের মধ্যে) জমা দিতে হবে। এসব প্রক্রিয়া সম্পন্ন করে সমাবর্তনের নিবন্ধন ও সনদ উত্তোলনের আবেদন ফরম আগামী ৩০ অক্টোবর বিকাল ৪টার মধ্যে সংশ্লিষ্ট হল অফিসে ও অধিভুক্ত সরকারি সাত কলেজের গ্র্যাজুয়েটদের স্ব-স্ব কলেজে জমা দিতে হবে।

পিএইচডি, ডিবিএ, এমফিল ডিগ্রিধারীরা ফি জমা দেয়ার রসিদ/পে-স্লিপের আবেদনকারীর অংশসহ সনদ উত্তোলনের আবেদন ফরমটি আগামী ৩০ অক্টোবর বিকাল ৪টার মধ্যে সংশ্লিষ্ট বিভাগে এবং উপাদানকল্প কলেজ বা ইনস্টিটিউটের গ্র্যাজুয়েটগণ ফি জমা দেয়ার রসিদ বা পে-স্লিপের আবেদনকারীর অংশসহ সনদ উত্তোলনের আবেদন ফরমটি আগামী ৩০ অক্টোবর বিকাল ৪টার মধ্যে স্ব-স্ব কলেজ বা ইনস্টিটিউটে জমা দিতে হবে।

প্রসঙ্গত, আগামী ১৯ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে এই সমাবর্তন অনুষ্ঠিত হবে। একইসাথে এই সমাবর্তন অনুষ্ঠান অধিভুক্ত ঢাকা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি বাঙলা কলেজ, সরকারি তিতুমীর কলেজের জন্য ঢাকা কলেজ ক্যাম্পাস এবং ইডেন মহিলা কলেজ ও বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজের জন্য ইডেন মহিলা কলেজ ক্যাম্পাস ভেন্যুতে ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে।

সমাবর্তনে রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ সভাপতিত্ব করবেন বলে আশা করা হচ্ছে। এবার সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন নোবেল বিজয়ী ফরাসি অর্থনীতিবিদ অধ্যাপক ড. জ্যাঁ তিরোল।

২৬ আগস্ট ২০১৯ হতে ১৩ অক্টোবর ২০২২ পর্যন্ত বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ গ্র্যাজুয়েটরা এই ৫৩তম সমাবর্তনে অংশগ্রহণ করতে পারবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।