ঢাকাবৃহস্পতিবার , ৬ অক্টোবর ২০২২

তৃতীয় শীতলক্ষ্যা সেতু উদ্বোধন ১০ অক্টোবর

ডেস্ক রিপোর্ট
অক্টোবর ৬, ২০২২ ১১:০৩ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে নির্মিত তৃতীয় শীতলক্ষ্যা সেতুর উদ্বোধনের দিন নির্ধারণ করা হয়েছে। ১০ অক্টোবর উদ্বোধন করা হবে সেতুটি। এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন সেতুটি। আজ বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে সেতু উদ্বোধনে এক প্রস্তুতিমূলক সভায় এসব তথ্য জানানো হয়।

১ দশমিক ২ কিলোমিটার দৈর্ঘ্যের সেতুটির নামকরণ হচ্ছে প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের নামে। সেতুটির নাম ‘নাসিম ওসমান সেতু’ দিয়ে এরই মধ্যে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ।

সেতুটি চালু হলে চট্টগ্রাম ও সিলেট বিভাগের সঙ্গে যোগাযোগ সহজ হবে। সেই সঙ্গে দক্ষিণ ও পূর্বাঞ্চলের যানবাহনগুলো নারায়ণগঞ্জ শহরে না ঢুকে মদনপুর হয়ে মুন্সিগঞ্জ মাওয়া পদ্মা সেতু হয়ে যেতে পারবে। একইভাবে পদ্মা সেতু হয়ে আসা যানবাহনগুলো সেতুর পার হয়ে মদনপুর হয়ে দক্ষিণ ও পূর্বাঞ্চলে যেতে পারবে। শহরের সঙ্গে বন্দর উপজেলার সড়কপথে যোগাযোগ সহজ হবে।

সড়ক পরিবহন মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ২০১০ সালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় ৩৭৭ কোটি টাকা ব্যয়ে ১ দশমিক ২ কিলোমিটার দৈর্ঘ্যের তৃতীয় শীতলক্ষ্যা সেতু প্রকল্প অনুমোদন হয়। তখন চুক্তি হয় সেতুটি নির্মাণে ৩১২ কোটি টাকা সৌদি উন্নয়ন তহবিল (এসএফডি) ঋণ দেবে। বাকি টাকা সরকার জোগান দেবে। ২০২৩ সালের মধ্যে সেতুটির নির্মাণকাজ শেষ করার কথা ছিল সড়ক ও জনপথ বিভাগের।

এই প্রকল্পে পরামর্শক ও ঠিকাদার নিয়োগ নিয়ে সরকারের সঙ্গে অর্থায়নকারী সংস্থা এসএফডির টানাপোড়েনের কারণে সাত বছর লেগে যায়। এতে প্রকল্পের ব্যয় ও মেয়াদ বাড়াতে হয়। ২০১৮ সালের ২৮ জানুয়ারি সেতুর নির্মাণকাজের উদ্বোধন করা হয়। আর ৩৭৭ কোটি টাকার প্রকল্পটি শেষ হয় ৬১০ কোটি টাকায়। সেতু নির্মাণের শেষ পর্যন্ত সেতুর প্রকল্প পরিচালক পরিবর্তন হয়েছেন ১০ জন।

জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে সেতু উদ্বোধনে প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম, সড়ক ও জনপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নীলিমা আখতার, উপসচিব মো. মোস্তাইন বিল্লাহ্, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইসমত আরা, অতিরিক্ত জেলা প্রশাসক রহিমা আক্তার, জেলা সিভিল সার্জন মশিউর রহমান, নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রিফাত ফেরদৌস, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম কুদরত-এ-খুদা প্রমুখ।

সেতুর প্রকল্প পরিচালক শোয়েব আহমেদ প্রথম আলোকে বলেন, সেতুর কাজ সমাপ্ত হয়েছে। সেতুতে বাতি লাগানো, অ্যাপ্রোচ সড়ক, টোলপ্লাজাসহ সব কাজ সম্পন্ন হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।