ঢাকাবুধবার , ৫ অক্টোবর ২০২২

পূজামণ্ডপে মাতলামি, স্বেচ্ছাসেবক লীগ নেতার ৬ মাসের কারাদণ্ড

বার্তা বিভাগ
অক্টোবর ৫, ২০২২ ৯:৪৮ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের লোহাগাড়ায় পূজামণ্ডপে ঢুকে মাতলামি করার অপরাধে মোহাম্মদ জুয়েল ওরফে হিরু নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৪ অক্টোবর) দিনগত রাত ২টায় উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের উত্তর বড়হাতিয়া সেনেরহাটে একটি পূজামণ্ডপে এ ঘটনা ঘটে।

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ উল্লাহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন। একই সঙ্গে জুয়েলকে ২০০ টাকা জরিমানাও করা হয়।

মোহাম্মদ জুয়েল বড় হাতিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জুটপুকুরিয়া গ্রামের মুহাম্মদ আইয়ুবের ছেলে। তিনি বড়হাতিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক এবং ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি।

স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জুয়েল নেশাগ্রস্ত অবস্থায় পূজামণ্ডপে ঢুকে আগত দর্শনার্থীদের সঙ্গে অশালীন আচরণ করেন ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল গিয়ে নেশাগ্রস্ত অবস্থায় জুয়েলকে আটক করে।

এ বিষয়ে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ উল্লাহ জাগো নিউজকে বলেন, গত রাত ২টার দিকে জুয়েল নামের ওই যুবককে ৬ মাসের কারাদণ্ড এবং ২০০ টাকা জরিমানা করা হয়েছে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান বলেন, পূজামণ্ডপের আশপাশে মাতলামি করায় জুয়েলকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকালে জুয়েলকে কারাগারে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।