ঢাকাসোমবার , ১৬ জুন ২০২৫

এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

বার্তা বিভাগ
জুন ১৬, ২০২৫ ১১:২৪ অপরাহ্ণ
Link Copied!

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে আগামী ২৬ জুন। সেই হিসাবে পরীক্ষা শুরুর বাকি আছে মাত্র ৯ দিন। ঠিক সেই সময়ে হঠাৎ এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ফরম পূরণে দুই দিন সুযোগ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

বোর্ডের নির্দেশনা অনুযায়ী—আগামী ১৮ ও ১৯ জুন দুদিন বিলম্ব ফিসহ এইচএসসি পরীক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবেন।

সোমবার (১৬ জুন) সন্ধ্যায় ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অথচ ২৬ জুন থেকে শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষায় অংশ নিতে কতজন পরীক্ষার্থী ফরম পূরণ করেছেন, সেই তথ্যও জানিয়ে দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। তাদের দেওয়া তথ্যমতে, ১১টি শিক্ষা বোর্ডের অধীন ফরম পূরণ করেছেন ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী।

এর আগে এইচএসসির ফরম পূরণের সময়সীমা শেষ হয়েছিল গত ২১ এপ্রিল। যারা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন ফরম পূরণ করেছিলেন, তারা ২২ এপ্রিল পর্যন্ত ফি পরিশোধ করতে পেরেছিলেন।

এদিকে, আজকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘২০২৫ সালের এইচএসসি পরীক্ষার শিক্ষার্থীদের বিলম্ব ফিসহ ফরম পূরণের সময় ১৮ জুন থেকে ১৯ জুন পর্যন্ত বর্ধিত করা হলো। সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধের সবশেষ তারিখ ১৯ জুন পর্যন্ত পুনঃনির্ধারণ করা হলো।’

এতে আরও বলা হয়, ‘উল্লিখিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ সম্পন্ন করবে। প্রতিষ্ঠানপ্রধান বিষয়টি নিশ্চিত করবেন। এরপর কোনোক্রমেই ফরম পূরণের আবেদন গ্রহণ করা হবে না।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।